Connect with us
ক্রিকেট

বাশার-নাঈমদের নিয়ে ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির

BCB announce a four-member selection panel featuring Bashar and Naim.
নতুন নির্বাচক প্যানেলে বাশারের সঙ্গে আছেন নাঈম ইসলাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে হাবিবুল বাশার সুমনকে প্রধান করে ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ৪ সদস্যের নির্বাচক প্যানেল দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলে দীর্ঘদিন যুক্ত ছিলেন বাশার। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮ বছর নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি। এবার সদ্য সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হলেন ৫৩ বছর বয়সি বাশার। এছাড়া এই প্যানেলে নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী ও হাসিবুল হোসেন শান্ত।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচক হিসেবে এর আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাশারের। তিনি জাতীয় দল ও নারী দলের নির্বাচক প্যানেলে কাজ করেছেন। তিনি খেলোয়াড়ি জীবনে দেশের অন্যতম সেরা ব্যাটার ছিলেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রান করার কৃতিত্বও রয়েছে তার।



প্রথমবারের মতো নির্বাচক প্যানেলে যুক্ত হলেন নাঈম ইসলাম। ৩৯ বছর বয়সি দীর্ঘ দুই দশক ক্রিকেট খেলেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি রয়েছে তার, যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

নাঈমের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ৩৮ বছর বয়সি নাদিফ চৌধুরী। তারও খেলোয়াড় হিসেবে ২০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তার। খেলোয়াড়ি জীবনের সমাপ্তির পর ক্রিকেটের প্রতিভা অন্বেষণ ও বিকাশ এবং বিসিবির বয়সভিত্তিক নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করবেন সাবেক এই ক্রিকেটার।

এছাড়া আগে থেকেই নির্বাচক প্যানেলে যুক্ত ছিলেন বাংলাদেশের সাবেক পেসার হাসিবুল হোসেন। গত বছরের সেপ্টেম্বরে নির্বাচক প্যানেল থেকে আব্দুর রাজ্জাকের পদত্যাগের পর হাসিবুলকে নিয়োগ দেয় বিসিবি। এবারের নতুন প্যানেলেও নিজের জায়গা ধরে রেখেছেন সাবেক এই ক্রিকেটার।

২০২৭ সালে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেলের মেয়াদ ঠিক করেছে বিসিবি।

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট