
চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। শুরুতে টুর্নামেন্টের ম্যাচগুলো ছয়টি ভেন্যুতে আয়োজনের কথা থাকলেও ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি।
আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ সোমবার (২৩ মার্চ) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত৷ আসন্ন এই টুর্নামেন্টে আম্পায়ারের গুরুদায়িত্ব পালন করবেন তিনি।
প্রথমবারের মতো পাকিস্তানের জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা। তার সঙ্গে প্রথমবার পিএসএলে আম্পায়ারিং করবেন আরেক বিদেশি দক্ষিণ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার। এছাড়া আইসিসির এলিট প্যানেলে থাকা পাকিস্তানের আহসান রাজা, নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গ্যাফানি, ইংল্যান্ডের আলেকজান্ডার হোয়ার্ফের মতো অভিজ্ঞরাও এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন।
আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারিদের সদস্য স্যার রিচার্ড রিচার্ডসন প্রথমবারের মতো পিএসএলে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া শ্রীলঙ্কার অভিজ্ঞ ম্যাচ রেফারি রোশন মহানামা, যিনি এর আগে পিএসএলে ৭১টি ম্যাচ পরিচালনা করেছেন, তিনিও এবারও ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যান। এই ম্যাচে ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফ। এছাড়া টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব এবং তারিক রশীদ হবেন চতুর্থ আম্পায়ার।
একনজরে ২০২৬ পিএসএলে ম্যাচ অফিসিয়ালদের তালিকা—
আম্পায়ার :
আহসান রাজা, ক্রিস গ্যাফানি, শরফুদ্দৌলা সৈকত, আল্লাহুউদ্দীন পালেকার, অ্যালেক্স হোয়ার্ফ, ক্রিস ব্রাউন, আসিফ ইয়াকুব, রশিদ রিয়াজ, ফয়সাল খান আফ্রিদি, নাসির হুসেন, জুলফিকার জান, আবদুল মুকিত, আলে হায়দার, ইমরান জাভেদ এবং তারিক রশিদ।
ম্যাচ রেফারি :
স্যার রিচার্ড রিচার্ডসন, রোশন মহানামা, আলী নকভি, কামরান চৌধুরী, বিলাল খিলজি, ইফতিখার আহমেদ, আলিম মুসা, সোহেল ইদ্রিস।
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৬/বিটি


















