Connect with us
ফুটবল

সিএনএন ব্রাজিল এর প্রতিবেদন

নেইমার বিশ্বকাপ দল থেকে ‘কার্যত ছিটকে গেছেন’

Neymar
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলে নেইমার জুনিয়র-কে আবার দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে এখনই দল গঠনের কাজ শুরু করেছে ব্রাজিল। কিন্তু সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচের দলে জায়গা পাননি নেইমার। এরপরই দেশটির গণমাধ্যমে উঠে এসেছে, বিশ্বকাপ দলে তার থাকা এখন অনেকটাই অনিশ্চিত।

নেইমারের এমন পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে তার শারীরিক অবস্থাকে। দীর্ঘ সময় চোটে থাকার পর তিনি আবার ক্লাবে খেলতে শুরু করলেও নিয়মিত মাঠে থাকতে পারছেন না। মাঝে মাঝেই নতুন করে চোটে পড়ছেন, যা বড় আসরের আগে দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্টরা।

শুধু শারীরিক দিকই নয়, দলের ভেতরের পরিবেশও তার বিপক্ষে যাচ্ছে। ব্রাজিল ফুটবল সংস্থার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে নেইমারের সম্পর্ক এখন ভালো নেই বলেই জানা যাচ্ছে। দল থেকে বাদ পড়ার পর তার কিছু আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি সংস্থাটি।



সম্প্রতি একটি ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি একটি ক্লাব ম্যাচ দেখতে যান, যেখানে নেইমারের খেলার কথা ছিল। কিন্তু তিনি সেই ম্যাচে নামেননি। এমনকি কোচের সঙ্গে দেখা করতেও যাননি। বিষয়টি দায়িত্বশীলদের কাছে ভালোভাবে ধরা পড়েনি।

সব মিলিয়ে এখন নেইমারের সামনে বড় চ্যালেঞ্জ। ক্লাবের হয়ে ভালো খেলে নিজের অবস্থান শক্ত করার সুযোগ এখনও আছে তার। তবে বর্তমান পরিস্থিতিতে শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে সবকিছু বদলানো কঠিন বলেই মনে করা হচ্ছে।

এখন দেখা যাচ্ছে, কোনো বড় পরিবর্তন না হলে আগামী বিশ্বকাপে নেইমারকে ছাড়াই মাঠে নামতে পারে ব্রাজিল। নিজের শেষ বিশ্বকাপ খেলার যে আশা তিনি করেছিলেন, সেটি এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

দীর্ঘদিন ধরে চোটে ভোগা নেইমার সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি নিজের পুরোনো ক্লাব সান্তোসের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন এবং একটি গোলে সহায়তাও করেছেন। তবে এখনো আগের মতো ধারাবাহিক ছন্দে ফিরতে পারেননি।

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল