
শুরুতে দারুণ খেলেও শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেনি আর্সেনাল। সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ হাতছাড়া হয়েছে তাদের। অন্যদিকে ধীরে শুরু করে সুযোগ কাজে লাগিয়ে লিগ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ২-০ ব্যবধানে জয় পায় পেপ গুয়ার্দিওলার দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আর্সেনাল। সপ্তম মিনিটেই টানা কয়েকটি সুযোগ তৈরি করে তারা। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। কাই হাভার্টসের শট ঠেকানোর পর বুকায়ো সাকার দুটি প্রচেষ্টাও দারুণভাবে রুখে দেন তিনি। শুরুতে গোল পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও সিটি খুব বেশি আক্রমণ গড়ে তুলতে পারেনি। শেষ দিকে তারা দুটি শট নিলেও কোনোটি লক্ষ্যে ছিল না। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর সিটি খেলার গতি বাড়ায়। মাঝমাঠে নিয়ন্ত্রণ নিয়ে আর্সেনালের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে তারা। অবশেষে ৬০তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। একটি আক্রমণে কেপা আরিসাবালাগা বল ঠিকভাবে ধরতে না পারায় সুযোগ পেয়ে যান নিকো ও’রাইলি। কাছ থেকে হেড করে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
এর চার মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে সিটি। ডান দিক থেকে আসা ক্রস ধরে আবারও হেডে গোল করেন ও’রাইলি। নিজের জোড়া গোলে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন এই তরুণ খেলোয়াড়।
পিছিয়ে পড়ে আর্সেনাল চেষ্টা চালিয়ে গেলেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। ৭৮তম মিনিটে রিকার্দো কালাফিওরির শট পোস্টে লাগে। কিছুক্ষণ পর গাব্রিয়েল হেসুসের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এতে ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে চার মৌসুম পর আবার এই শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। এটি তাদের মোট নবম শিরোপা। একই সঙ্গে এই প্রতিযোগিতায় কোচ পেপ গুয়ার্দিওলা গড়লেন নতুন রেকর্ড।
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৬/টিএ






















