
আগামী আগস্টে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত সেই সফর আর হচ্ছে না। ২০২৬ সালের ঘরের মাঠের সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড, যেখানে বাংলাদেশের সঙ্গে কোনো সিরিজ রাখা হয়নি।
বাংলাদেশ সিরিজ বাদ দেওয়ার পেছনে মূল কারণ হিসেবে অর্থ সংকট ও ব্যবস্থাপনার সমস্যার কথা জানা গেছে। সূচিতে পরিবর্তন এনে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত সিরিজটিও বদলে ফেলা হয়েছে। বহু ফরম্যাটের বদলে এখন শুধু পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে আয়ারল্যান্ড।
নতুন সূচি অনুযায়ী, মে মাসের শেষে আয়ারল্যান্ডে একটি টেস্ট খেলতে যাবে নিউজিল্যান্ড। এরপর জুনে ভারত দুই ম্যাচের বিশ ওভারের সিরিজ খেলবে আয়ারল্যান্ডের মাঠে। আগস্টে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ আয়োজন করা হয়েছে।
আয়ারল্যান্ড দলের টেস্ট অধিনায়ক অ্যান্ডি বালবির্নি সূচি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পুরো গ্রীষ্মে খুব কম ম্যাচ থাকায় তিনি খুশি নন।
অন্যদিকে, আফগানিস্তানের সঙ্গে সিরিজ আয়োজন নিয়েও আলোচনা আছে। দেশটিতে নারীদের ক্রিকেট বন্ধ থাকায় অনেক দেশ তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। তবে আয়ারল্যান্ড সেই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আফগান নারী দলকেও আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সারাহ কিন জানিয়েছেন, এই সিদ্ধান্ত পুরো সংস্থার স্বার্থ বিবেচনা করে নেওয়া হয়েছে। তিনি স্বীকার করেছেন, বিষয়টি নিয়ে কিছুটা নৈতিক অস্বস্তি আছে, তবে আফগান নারী দলের পরিস্থিতি সামনে আনার সুযোগ হিসেবেও এটিকে দেখা হচ্ছে।
আগে পরিকল্পনা ছিল, আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি একদিনের ও তিনটি বিশ ওভারের ম্যাচ খেলবে। তবে শেষ পর্যন্ত সেই সিরিজ বাতিল হওয়ায় এই সফর আপাতত আর হচ্ছে না।
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৬/টিএ






















