
ফুটবল মাঠে বর্ণবাদ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে স্পেনের বিচার ব্যবস্থা। রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র-কে লক্ষ্য করে অপমানজনক ও বর্ণবাদী আচরণের অভিযোগে এক সমর্থকের বিরুদ্ধে কারাদণ্ডের আবেদন করা হয়েছে।
ঘটনাটি ২০২৩ সালের অক্টোবরের। সেভিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ চলাকালে ওই সমর্থক বারবার ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে বর্ণবাদী গালি দেন। তাকে ‘বানর’ বলে ডাকার পাশাপাশি অশালীন অঙ্গভঙ্গিও করা হয়। পুরো ঘটনাটি মাঠে উপস্থিত দর্শক এবং সম্প্রচারের মাধ্যমে অনেকেই দেখেছেন।
অভিযোগে বলা হয়েছে, এসব আচরণ সরাসরি খেলোয়াড়ের গায়ের রঙকে লক্ষ্য করে করা হয়েছে। এতে ভিনিসিয়ুস অপমানিত ও মানসিকভাবে আঘাত পেয়েছেন।
এই ঘটনায় মামলা প্রক্রিয়ায় যুক্ত হয়েছে লা লিগা এবং রিয়াল মাদ্রিদ। ঘটনার পরপরই অভিযুক্ত সমর্থককে স্টেডিয়াম থেকে বের করে দেয় সেভিয়া।
আগামী ২৯ এপ্রিল সেভিল প্রাদেশিক আদালতে এই মামলার শুনানি হবে। অভিযোগ প্রমাণিত হলে ওই সমর্থকের এক বছর নয় মাসের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি দুই বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
স্পেনের শীর্ষ লিগে বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান এখন আগের চেয়ে কঠোর। এই মামলায় শাস্তি হলে সেটি হবে এমন ঘটনার নবম দৃষ্টান্ত। এর আগে একাধিকবার একই ধরনের ঘটনার শিকার হয়েছেন ভিনিসিয়ুসসহ আরও কয়েকজন ফুটবলার।
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৬/টিএ

























