
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সামনে রেখে নিজেদের ক্রিকেটারদের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই আসরে খেলতে হলে আগে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে এমন শর্ত দিয়েছে তারা। পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো ক্রিকেটারই অনাপত্তিপত্র পাবেন না।
এই সিদ্ধান্তে আইপিএলে খেলার অপেক্ষায় থাকা বেশ কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটার চাপে পড়েছেন। এর মধ্যে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা ও ইশান মালিঙ্গা। বোর্ড জানিয়েছে, ফিটনেস পরীক্ষায় পাস করলেই কেবল তারা আইপিএলে খেলার অনুমতি পাবেন।
এদিকে ইতোমধ্যে দুশমন্ত চামিরা, পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস ফিটনেস পরীক্ষায় পাস করে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন। তবে থুসারার পরীক্ষার ফল এখনো জানা যায়নি। অন্যদিকে হাসারাঙ্গা, মালিঙ্গা ও পাথিরানা এখনো পরীক্ষা দেননি। তারা সবাই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন।
চোটের কারণে পাথিরানা আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না। এপ্রিলের মাঝামাঝি সময়ে তার ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার দলের কোচ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের নতুন নির্বাচক কমিটি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় খেলোয়াড়দের ফিটনেসে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সে কারণে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য আট সপ্তাহের বিশেষ শারীরিক প্রস্তুতি কর্মসূচি চালু করা হয়েছে।
বোর্ডের ভাষ্য অনুযায়ী, এই কর্মসূচির লক্ষ্য হলো আন্তর্জাতিক ম্যাচের আগে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা আরও ভালো করা। এই সময়ের মধ্যে সবাইকে ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। নির্ধারিত মান পূরণ করতে পারলেই তারা ঘরোয়া প্রতিযোগিতা ও আইপিএলে খেলার সুযোগ পাবেন।
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৬/টিএ






















