
ইউরোপের দেশগুলোকে নিয়ে নতুন একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবলের জনপ্রিয় ন্যাশনস কাপের আদলে এই প্রতিযোগিতা শুরু করার পরিকল্পনা চলছে। আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস জানিয়েছেন, এই টুর্নামেন্ট আয়োজনের কাজ অনেক দূর এগিয়েছে। আগে বিষয়টি কেবল ধারণা ছিল, কিন্তু এখন তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালির অংশগ্রহণের কথা ভাবা হচ্ছে। প্রতিযোগিতাটি ছোট পরিসরের ম্যাচের জন্য উপযোগী ফরম্যাটে আয়োজনের পরিকল্পনা রয়েছে। গ্রীষ্মের শুরুর দিকে সময় নির্ধারণের কথাও ভাবা হচ্ছে।
এ ধরনের টুর্নামেন্ট নিয়ে আগে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড খুব একটা আগ্রহ দেখায়নি। তবে সাম্প্রতিক সময়ে অবস্থান কিছুটা বদলেছে। বিশেষ করে ইতালি ও স্কটল্যান্ডের উন্নতি এবং বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে ভূমিকা রেখেছে।
ইংল্যান্ড অংশ নিলে এই প্রতিযোগিতার আর্থিক মূল্য বাড়বে এবং সম্প্রচার অধিকার থেকেও আয় বাড়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ তৈরি হবে।
তবে সবকিছু চূড়ান্ত করতে এখনও কিছু কাজ বাকি। সূচি নির্ধারণ, আয়োজন সংক্রান্ত ব্যবস্থা এবং সম্প্রচার চুক্তি এসব বিষয়ে সমাধান করতে হবে। তবুও আয়োজকদের আশা, সব পক্ষের সহযোগিতা পেলে খুব শিগগিরই এই নতুন টুর্নামেন্ট শুরু করা সম্ভব হবে।
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৬/টিএ






















