
আগামী জুলাই-আগস্টে বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের কথা থাকলেও সেটি আর হচ্ছে না। আর্থিক সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় প্রস্তুতির অভাবের কারণ দেখিয়ে এই সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ।
ক্রিকেটভিত্তিক একটি আন্তর্জাতিক মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই আয়োজন সম্ভব হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। ফলে বিষয়টি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট নয়।
এদিকে আয়ারল্যান্ড তাদের আসন্ন গ্রীষ্মের পূর্ণ সূচি প্রকাশ করেছে। সেখানে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশের নাম নেই।
জানা গেছে, পর্যাপ্ত প্রস্তুতি, ভ্রমণ ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় অর্থের ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। তবে অন্য দলগুলোর সঙ্গে নির্ধারিত ম্যাচগুলো ঠিকই আয়োজন করবে আয়ারল্যান্ড। এমনকি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংখ্যাও বাড়ানো হয়েছে।
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৬/টিএ























