Connect with us
ক্রিকেট

আফ্রিদির টি-টোয়েন্টি দলেই থাকা উচিত না: রশিদ লতিফ

শাহীন শাহ আফ্রিদি ও রশিদ লতিফ। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। ভারতের বিপক্ষে কম ওভার বল করেও বেশি রান দেওয়া, এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খরুচে বোলিং সব মিলিয়ে তাঁর ছন্দ নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে বড় রান দেওয়ার পর সমালোচনা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে সাবেক অধিনায়ক রশিদ লতিফ সরাসরি বলেন, এই মুহূর্তে টি-টোয়েন্টি দলে শাহীনের জায়গা থাকা উচিত নয়।

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লতিফ বলেন, অনেকেই শাহীনের অধিনায়কত্ব নিয়ে কথা বলছেন, কিন্তু তাঁর মতে বিষয়টি বাস্তবতার সঙ্গে মেলে না। পারফরম্যান্স বিবেচনায় তিনি এখন দলে থাকার মতো অবস্থায় নেই বলেই মনে করেন লতিফ।



এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন শাহীনের শ্বশুর, পাকিস্তানের সাবেক তারকা শহিদ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজ হারের পর তিনি নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, কোন ফরম্যাটে কাকে দায়িত্ব দিতে হবে, সে বিষয়ে সঠিক বিচার হয়নি।

লতিফের দাবি, শাহীনের নেতৃত্বে আনার আলোচনা মূলত পারফরম্যান্সের কারণে নয়, বরং পরিকল্পিত প্রচারের ফল।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুই ওভারে ৩১ রান দেন শাহীন, উইকেট পাননি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি উইকেট পেলেও চার ওভারে দেন ৪২ রান। শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারেই দেন ২২ রান। এসব পারফরম্যান্সই তাঁর বর্তমান ফর্ম নিয়ে সন্দেহ তৈরি করেছে।

তবে পরিসংখ্যান বলছে, পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের একজন তিনি। তবু সাম্প্রতিক সময়ে ফিটনেস ও ছন্দের ঘাটতি তাঁর জায়গা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট