
বর্তমানে বিশ্বজুড়ে একের পর এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন হচ্ছে। মান, জনপ্রিয়তা আর অর্থ সব দিক থেকেই লিগগুলোর মধ্যে চলছে প্রতিযোগিতা। অনেকেই অভ্যাসবশত আইপিএলকে সবার ওপরে রাখেন। তবে খেলোয়াড়দের স্বার্থ ও সুরক্ষার প্রশ্নে ভিন্ন চিত্র তুলে ধরেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন।
ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, খেলোয়াড়দের অধিকার ও সুরক্ষার দিক থেকে আইপিএল শীর্ষ দুইয়ের মধ্যেও নেই। তাদের মূল্যায়নে সবার ওপরে রয়েছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, আর দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি। আইপিএল আছে তৃতীয় স্থানে। পয়েন্টের হিসাবে দ্য হান্ড্রেড পেয়েছে ৭৫ দশমিক ২, এসএ-টোয়েন্টি ৬৮ এবং আইপিএল ৬২ দশমিক ৬।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের দিক দিয়ে আইপিএল অন্য সব লিগের চেয়ে অনেক এগিয়ে থাকলেও খেলোয়াড়দের ব্যক্তিগত অধিকার নিশ্চিত করা এবং সমস্যা দ্রুত সমাধানের ক্ষেত্রে পিছিয়ে আছে। বিশেষ করে সাম্প্রতিক একটি ঘটনার পর এ নিয়ে সমালোচনা আরও জোরালো হয়েছে।
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিলামে বড় অঙ্কে দলে নেওয়ার পর হঠাৎই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে জানা যায়, লিগ আয়োজকদের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সংগঠনও প্রশ্ন তুলেছে।
সংগঠনটির প্রধান নির্বাহী টম মফ্যাট এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন লিগ চালু হওয়ায় ক্রিকেট লাভবান হয়েছে। তবে খেলোয়াড়দের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা আরও বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, লিগগুলোর উন্নতির সুযোগ এখনো রয়েছে।
মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঘটে যাওয়া ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে সংগঠনটি বলেছে, এতে স্পষ্ট হয়েছে যে খেলোয়াড়দের ন্যায্য অধিকার ও সুরক্ষার ক্ষেত্রে আইপিএল এখনো পিছিয়ে আছে।
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৬/টিএ






















