Connect with us
ক্রিকেট

পিএসএলে দল পেলেন তামিম, খেলবেন পেশোয়ারের হয়ে

Tamim
পিএসএলে তামিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরই আলোচনায় উঠে এসেছিলেন তানজিদ হাসান তামিম। ভালো পারফরম্যান্সের কারণে তাকে পাকিস্তান সুপার লিগে নেওয়া হতে পারে বলে তখনই ইঙ্গিত দিয়েছিলেন রমিজ রাজা। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই সত্যি হলো।

এবারের আসরে ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পিএসএলে দল পেলেন তানজিদ তামিম। তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। এই দলে আগেই জায়গা হয়েছিল নাহিদ রানা ও শরিফুল ইসলামের। ফলে একই দলে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে।

এর আগে পিএসএলের নিলামের আগেই মুস্তাফিজুর রহমান দল পান। পরে তার দল লাহোর কালান্দার্স দলে নেয় পারভেজ হোসেন ইমনকে। নিলাম থেকে দল পেয়েছেন নাহিদ রানা ও রিশাদ হোসেনও। রিশাদকে নিয়েছে রাওয়ালপিন্ডির নতুন দল পিন্ডিজ।



পাকিস্তান সিরিজ শেষে শরিফুল ইসলাম দলে সুযোগ পান। আর সেই সিরিজে ভালো খেলার ফলেই এবার সুযোগ পেলেন তানজিদ। সব মিলিয়ে এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ছয়জন।

পারিশ্রমিকের দিক থেকে মুস্তাফিজুর রহমান সবচেয়ে এগিয়ে। তিনি পাবেন প্রায় সাড়ে ছয় কোটি পাকিস্তানি রুপি। পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা পাবেন প্রায় ষাট লাখ রুপি করে। রিশাদ হোসেনের পারিশ্রমিক প্রায় তিন কোটি রুপি। তবে শরিফুল ইসলাম ও তানজিদ তামিমের পারিশ্রমিক এখনো জানা যায়নি।

আগামী ২৮ মার্চ পিন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে পেশোয়ার তাদের যাত্রা শুরু করবে। সেই ম্যাচে রিশাদের বিপক্ষে মাঠে নামতে পারেন নাহিদ, শরিফুল ও তামিম। এরপর ৩১ মার্চ ইসলামাবাদের বিপক্ষে খেলবে পেশোয়ার। অন্যদিকে ১১ এপ্রিল লাহোরের বিপক্ষে ম্যাচ রয়েছে, যেখানে মুখোমুখি হতে পারেন মুস্তাফিজ ও ইমন।

সব মিলিয়ে এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি, যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছয়জনকেই অনাপত্তিপত্র দিয়েছে। তবে এই অনুমতি সীমিত সময়ের জন্য। তারা আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই লিগে খেলতে পারবেন।

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট