
ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো পর্বের সব ম্যাচ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল। একই সঙ্গে ঠিক হয়ে গেছে শেষ চারের পথে কে কার মুখোমুখি হবে।
শেষ আটে জায়গা করে নেওয়া দলগুলো হলো পিএসজি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল এবং স্পোর্টিং লিসবন।
কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচেই থাকছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও লিভারপুল। দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। তৃতীয় ম্যাচে স্প্যানিশ দুই দল বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ একে অপরের বিপক্ষে খেলবে। আর চতুর্থ ম্যাচে স্পোর্টিং লিসবনের সামনে চ্যালেঞ্জ আর্সেনাল।
এই চার ম্যাচের জয়ীরা উঠবে সেমিফাইনালে। সেখানে প্রথম সেমিফাইনালে খেলবে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দুই দল।
সূচি অনুযায়ী, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ এপ্রিল। এরপর সেমিফাইনালের প্রথম লেগ ২৮ ও ২৯ এপ্রিল এবং ফিরতি লেগ ৫ ও ৬ মে মাঠে গড়াবে।
সবশেষে, প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। এখন দেখার বিষয়, এই আট দলের মধ্যে কে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারে।
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৬/টিএ
























