
ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শেষে ঈদের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। ঈদের ছুটি কাটিয়েই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্দেশ্যে উড়াল দেবে একঝাঁক বাংলাদেশি। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ক্রিকেটার অংশ নেবেন। তবে আসরের পুরো সময়ের জন্য এনওসি (অনাপত্তিপত্র) পাচ্ছেন তারা। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থাকায় আগেই দেশে ফিরতে হবে ক্রিকেটারদের।
আগামী মাসের মাঝামাঝিতে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশে সফর করবে কিউইরা, যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আসন্ন এই সিরিজের তিনটি ওয়ানডে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইয়ের জন্য সেরা র্যাঙ্কিংয়ে নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। তাই এই সিরিজে নিজেদের সেরা দল নিয়ে খেলতে নামবে টাইগাররা। যে কারণে ওই সময় ক্রিকেটারদের পিএসএলে খেলার অনুমতি দেবে না ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশগ্রহণের জন্য পিএসএলের মাঝপথেই দেশে ফিরতে হবে ওয়ানডে দলের ক্রিকেটারদের। তবে টি-টোয়েন্টি সিরিজে ছাড় পেতে পারেন কেউ কেউ। সম্প্রতি গণমাধ্যমকে এমনটাই জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেছিলেন, ‘আমাদের যাদেরকে প্রয়োজন, স্বাভাবিকভাবেই ওয়ানডেতে আমরা কোনো আপোশ করবো না। তবে টি-টোয়েন্টিতে যদি মনে হয় একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে সে উন্নতি করতে পারবে এবং এখানে আমাদের বিকল্প আছে, সেক্ষেত্রে আমরা তাকে খেলার অনুমতি দেব।’
তবে ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণের পক্ষে বিসিবি। বোর্ড চায় বিদেশি লিগে অংশ নেক ক্রিকেটাররা। তবে সিরিজের গুরুত্ব বিবেচনা করেই অনুমতি দেওয়া হবে ক্রিকেটারদের।
এ প্রসঙ্গে বুধবার (১৮ মার্চ) ফাহিম গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই ক্রিকেটাররা বিভিন্ন লিগে খেলুক। আমরা সবাইকেই এই সুযোগটি দিতে চাই। এইক্ষেত্রে আমাদের বোর্ড বেশ উদার। তবে জাতীয় দলের খেলাও আমাদের বিবেচনায় রাখতে হবে। এ বছর আমাদের সাদা বলের ম্যাচ বেশি। তাই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া ক্রিকেটারদের জাতীয় দলেও প্রয়োজন হবে। তাই সবকিছু বিবেচনা করেই তাদেরকে অনুমতি দেওয়া হবে। আমি মনে করি এতে ক্রিকেটারদেরও আপত্তি থাকাবে না।’
আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। সেখানে বাংলাদেশ থেকে অংশ নেবেন পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। এরপর ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেড। একশ বলের এই টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজ। সেই সময় জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সিরিজ রয়েছে বাংলাদেশের। তাই সিরিজ বিবেচনা করেই মুস্তাফিজ অনুমতি পাবেন কিনা সেটা জানা যাবে।
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/বিটি























