
চলতি মাসেই শেষ হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াই। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এই দুটি ম্যাচেই জয় পেতে চান সামিত সোমরা।
বাছাইপর্বের দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থেকে বাছাইপর্ব শেষ করা এবং র্যাঙ্কিংয়ে আরও উন্নতির জন্য আসন্ন দুটি ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ভিয়েতনাম ও সিঙ্গাপুরের মাটি থেকে ভালো ফলাফল নিয়ে ফিরতে পারলে সেটা দেশের ফুটবলের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। তাই এই দুটি ম্যাচ জিততে চান সামিতরা।
আজ (বুধবার) কিংস অ্যারেনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামিত বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ভিয়েতনাম ম্যাচ। পরের লক্ষ্য হলো সিঙ্গাপুর ম্যাচ। এরপর জুন উইন্ডো, তারপরে সাফে ভালো করা। আমরা নিজেদের গর্বের জায়গা থেকে খেলছি। আমরা যদি দ্বিতীয় হতে পারি, সিঙ্গাপুরকে হারাতে পারি, ভিয়েতনামকেও হারাতে পারি, সেটা বাংলাদেশ ফুটবলের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।’
সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ রাখায় বাফুফেকে ধন্যবাদ জানিয়েছেন সামিত। তিনি মনে করেন, এই দুটি দলের বিপক্ষে ভালো করতে পারলে এশিয়ান ফুটবলে বাংলাদেশের নামটা আরেকটু বড় হবে।
সামিত বলেন, ‘বাফুফে একটা ভালো কাজ করেছে, ভিয়েতনামের সঙ্গে ম্যাচ রেখেছে। কারণ ভিয়েতনাম ভালো অবস্থানে আছে। আমাদের জন্য একটা খুব ভালো পরীক্ষা হবে। আসল ব্যাপার হলো এখানে ভালো করতে পারলে এশিয়ান ফুটবলে একটু সমীহ আদায় করে নিতে পারব। আমরা যদি তাদের সঙ্গে জিততে পারি, সিঙ্গাপুরকেও যদি হারাতে পারি তাহলে এশিয়ান ফুটবলে আমাদের নামটা আরেকটু বড় হবে।’
২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ১১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হংক। আর তিনে থাকা বাংলাদেশের পয়েন্ট ৫। এছাড়া টেবিলের তলানিতে থাকা ভারতের পয়েন্ট ২। বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ যদি সিঙ্গাপুরকে হারাতে পারে এবং অপর ম্যাচে ভারত যদি হংকংয়ের বিপক্ষে জয় তুলে নিতে সক্ষম হয়, সেক্ষেত্রে টেবিলের দুইয়ে ওঠার সম্ভাবনা থাকবে বাংলাদেশের।
আগামী ২৬ মার্চ ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/বিটি

























