Connect with us
ক্রিকেট

স্পিন থেকে পেস : যেভাবে বদলে গেল বাংলাদেশের বোলিং যাত্রা

Pacers
স্পিন থেকে পেস নির্ভর বাংলাদেশ। ছবি: সংগৃহীত

একসময় বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল স্পিন বোলিংয়ের উপর নির্ভরতা। মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক আর সাকিব আল হাসানের মতো স্পিনারদের নিয়েই বেশি পরিচিত ছিল দল। পেস বোলিংয়ে তেমন শক্ত অবস্থান ছিল না। কিন্তু সময় বদলেছে। এখন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানদের নেতৃত্বে পেসাররাই দলের বড় শক্তি হয়ে উঠেছেন।

ক্রিকেটের বিখ্যাত সাময়িকী উইজডেন জানিয়েছে, বাংলাদেশের পেস বোলিংয়ের এই পরিবর্তন হঠাৎ হয়নি। এর বড় একটি মোড় আসে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে। তার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো ওয়ানডে জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। সিম সহায়ক উইকেটে সবসময়ই পিছিয়ে থাকত দল।

২০২২ সালের আগে প্রতি ম্যাচে পেসাররা গড়ে ২৩ ওভার বল করলেও উইকেট পেতেন খুব কম, আর খরচও হতো বেশি রান। এমন অবস্থায় বিদেশের মাটিতে জেতা কঠিন ছিল। কিন্তু সেই বছরই বদল শুরু হয়।



নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন পেসাররা। এবাদত হোসেন দুর্দান্ত বোলিং করেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও গুরুত্বপূর্ণ উইকেট নেন। সেই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ জায়গা করে নেয়।

এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় রান তোলার পর তাসকিন ও শরিফুল মিলে প্রতিপক্ষকে চাপে ফেলেন। শেষ ম্যাচে তাসকিনের পাঁচ উইকেট আর মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয় পায় দল। পুরো সিরিজে তাসকিন ছিলেন সবচেয়ে সফল বোলার।

এই সিরিজের পর থেকেই বাংলাদেশের পেস বোলিং আরও ধারালো হয়ে ওঠে। পরিসংখ্যান বলছে, আগে যেখানে প্রতি ম্যাচে পেসাররা গড়ে তিনটির কিছু বেশি উইকেট নিতেন, এখন সেই সংখ্যা বেড়ে প্রায় চারটিতে পৌঁছেছে। রান দেওয়ার গড়ও কমেছে।

দেশের মাঠেও ধারাবাহিক ভালো করছে বাংলাদেশ। গত এক দশকে ঘরের মাঠে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে দল। এই সাফল্যের পেছনে পেসারদের অবদান এখন খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমান দলে অভিজ্ঞ তাসকিন ও মুস্তাফিজের সঙ্গে যোগ হয়েছেন তরুণ পেসাররা। নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব নিয়মিত ভালো করছেন। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজেও পেসাররা বড় ভূমিকা রাখেন।

সব মিলিয়ে এখন বাংলাদেশের পেস বিভাগ অনেক শক্তিশালী। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে এই বোলিং আক্রমণ ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নেবে এমনটাই আশা করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট