
পবিত্র রমজান মাস শেষের পথে। সামনে আসছে ঈদুল ফিতর। এই সময়টাতে দেশ-বিদেশের মুসলমানরা ঈদের প্রস্তুতিতে ব্যস্ত। এর মধ্যেই দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
একটি বার্তায় তিনি বলেন, “আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।” তিনি আরও বলেন, রমজান মাস যেন সবার জন্য ভালোভাবে কাটে এবং সবার দোয়া আল্লাহ কবুল করেন এই কামনাই করেন তিনি। পাশাপাশি সবাইকে সুস্থ ও ভালো থাকার আহ্বান জানান এবং ঈদের শুভেচ্ছা জানান।
এদিকে, জাতীয় দলের বাইরে থাকলেও সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে তার খেলার কথা উঠলেও শেষ পর্যন্ত তিনি দলে যোগ দিতে পারেননি।
তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানিয়েছেন, সাকিবের আইনগত বিষয়গুলো দ্রুত এগোচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তাকে দেশে দেখা যেতে পারে।
সবশেষ ২০২৪ সালে ভারতের কানপুরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর থেকে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেললেও বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।
সম্প্রতি তার দেশে ফেরা নিয়ে চতুর্দিকে আলোচনা হচ্ছে। এই পরিস্থিতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিব যদি মামলায় নির্দোষ প্রমাণ হয়ে দেশে ফেরেন, তাহলে সরকার তার বিষয়ে নমনীয় অবস্থান নেবে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সাকিবের বিষয়টি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে জড়িত। তার নামে থাকা মামলাগুলো তাকে নিজেকেই মোকাবিলা করতে হবে। সেগুলো থেকে নির্দোষ প্রমাণিত হয়ে ফিরলে তখন বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তা নাজমুল আবেদিন ফাহিম আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই সাকিব দেশে ফিরতে পারেন। তিনি বলেন, সাম্প্রতিক কার্যক্রম দেখে মনে হচ্ছে বিষয়টি দ্রুত এগোচ্ছে।
আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে ফাহিম স্পষ্ট করে কিছু না বললেও আশা ছাড়েননি। তার মতে, সাকিব দলে ফিরলে দল বাড়তি শক্তি পাবে।
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/টিএ






















