
রাজনৈতিক কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এবার ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়ার লড়াই চলছে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরপরই সামনে আরেকটি আন্তর্জাতিক সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে।
আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। গতকাল (১৬ মার্চ) এই সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সূচি অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে মিচেল স্যান্টনাররা। এরপর কয়েক দিন অনুশীলন ও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাবে তারা।
১৭ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম একদিনের ম্যাচ। দুই দিনের বিরতি দিয়ে ২০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড।
এরপর দুই দল যাবে চট্টগ্রামে। ২৩ এপ্রিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটায়।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম ম্যাচ। একই মাঠে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।শেষ ম্যাচের জন্য দুই দল আবার ঢাকায় ফিরবে। ২ মে শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
| ১৭ এপ্রিল | ১ম ওয়ানডে | মিরপুর | দুপুর ২টা |
| ২০ এপ্রিল | ২য় ওয়ানডে | মিরপুর | দুপুর ২টা |
| ২৩ এপ্রিল | ৩য় ওয়ানডে | চট্টগ্রাম | দুপুর ২টা |
| ২৭ এপ্রিল | ১ম টি-টোয়েন্টি | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা |
| ২৯ এপ্রিল | ২য় টি-টোয়েন্টি | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা |
| ২ মে | ৩য় টি-টোয়েন্টি | মিরপুর | সন্ধ্যা ৬টা |
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/এজে






















