
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে এবার সরাসরি অবস্থান জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে আলোচনা করা হবে।
বিসিবির নির্বাচন নিয়ে কয়েকদিন ধরেই নানা অভিযোগ উঠছে। ক্লাব ও বিভাগীয় কাউন্সিলররা অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদে লিখিতভাবে জানায়। এরপর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।
এরই মধ্যে বিসিবি এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে, এই পরিস্থিতি আন্তর্জাতিক সংস্থা ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে দেখতে পারে। এতে দেশের ক্রিকেটের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগের সময়েও ক্রিকেট বোর্ডে সরাসরি হস্তক্ষেপ হয়েছিল বলে জানা যায়। তাই এবার বিষয়টি সতর্কভাবে দেখা হচ্ছে। তদন্ত কমিটি সব পক্ষের সঙ্গে কথা বলবে আগের নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, বর্তমান বোর্ড, এবং যারা অভিযোগ করেছেন সবার বক্তব্য নেওয়া হবে।
কাউন্সিলর নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, আগের নির্বাচনের সময় জেলা প্রশাসকদের মাধ্যমে একবার কাউন্সিলর তালিকা পাঠানো হয়েছিল। পরে আবার নতুন করে কাউন্সিলর পাঠানোর ঘটনা ঘটেছে, যা সবার কাছেই স্পষ্ট।
তিনি আরও বলেন, সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
এদিকে ক্রিকেটারদের সংগঠনের একটি প্রতিনিধিদলও প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। তাদের কথা শুনে তিনি আশ্বাস দিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যাচাই-বাছাই করা হবে এবং প্রয়োজন হলে পরে ব্যবস্থা নেওয়া হবে।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/টিএ






















