Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

The Sports Ministry will investigate Bangladesh’s failure to play in the World Cup
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে সেখানে গিয়ে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের (আইসিসি) কাছে আবেদন জানায় বিসিবি।

তবে বিসিবির আবেদন নাকচ করে দেয় আইসিসি। যার ফলে বিশ্বকাপে অংশ নিতে পারেনি টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। বোর্ডের এমন সিদ্ধান্তে দেশের ক্রীড়াপ্রেমীরা দুইভাগে বিভক্ত হয়। কেউ কেউ এমন সিদ্ধান্তকে সমর্থন জানান আবার কেউ কেউ কড়া সমালোচনা করেন।

বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে না পারার কারণ জানার জন্য তদন্ত কমিটি গঠন করবে ক্রীড়া মন্ত্রণালয়। এ নিয়ে কাজ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।



আজ মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরে বাংলা স্কুলে গিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আমিনুল হক। এ সময় বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই টুর্নামেন্টে অংশ নিতে পারিনি। কিন্তু এটা কেন হলো সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয়। আমি আশা করি এই বিষয়গুলো নিয়ে আমি একটি তদন্ত কমিটি গঠন করব।’

তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিশ্বকাপে খেলতে যেতে না পারার কারণ বের করতে চায় ক্রীড়া মন্ত্রনালয়। পাশাপাশি এর পেছনে কেউ জড়িত ছিল কিনা সেটিও খুঁজে বের করবে ক্রীড়া মন্ত্রনালয়। আমিনুল বলেন, ‘আমরা কেন বিশ্বকাপ খেলতে গেলাম না, আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো তদন্ত কমিটির মাধ্যমে বের করব। পরবর্তীতে এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সঙ্গে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আমি অবশ্যই ব্যাখ্যা চাইব।’

উল্লেখ্য, সবশেষ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং রেকর্ড তৃতীয়বার শিরোপা জয় করেছে ভারত।

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট