
দরজায় কড়া নাড়ছে আইপিএলের নতুন আসর। আগামী ২৮ মার্চ আইপিএলের ১৯তম আসরের পর্দা উঠবে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স। দলের অন্যতম পেসার হর্ষিত রানাকে শুরু থেকে পাচ্ছে না তিন আসরের চ্যাম্পিয়নরা।
মূলত চোটের কারণে এবারের আসরের অনেকগুলো ম্যাচ মিস করতে পারেন হর্ষিত। যার ফলে পেস বিভাগ নিয়ে বেশ বিপাকে পড়তে পারে ফ্রাঞ্চাইজিটি। কেননা মুস্তাফিজকে কেনার পর আইপিএল কর্তৃপক্ষের নির্দেশে তাকে ছেড়ে দেয় ফ্রাঞ্চাইজিটি। তাছাড়া লঙ্কান পেসার মাতিশা পাথিরানাকে নিয়েও শঙ্কা রয়েছে। যে কারণে পেস বিভাগে কিছুটা ভুগতে পারে দলটি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচার করানোর পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন হর্ষিত। তবে তার মাঠে ফেরার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি হর্ষিত। বিশ্বকাপের দলে ছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাঁটুতে টান লাগে তার। যার ফলে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। এরপর তার অস্ত্রোপচার করা হলে এখনও সেরে উঠতে পারেননি।
এদিকে মুস্তাফিজের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে কলকাতা। অবশ্য তিনি পিএসএল ফ্রাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে সেই চুক্তি বাতিল করে আইপিএলে নাম লিখিয়েছেন জিম্বাবুয়ের এই তারকা পেসার। এছাড়া কলকাতার পেস বিভাগে আছেন মাতিশা পাথিরানা, উমরান মালিক, আকাশ দীপ, বৈভব অরোরা ও কার্তিক ত্যাগী।
তবে পাথিরানাকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। যার ফলে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি এই পেসার। টুর্নামেন্টের শুরুতেই তাকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/বিটি






















