Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের চোট নিয়ে যা জানা গেল

What was known about Mustafiz's injury
মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের শেষ ওয়ানডে হাঁটুতে চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তান ইনিংসে নিজের শেষ ওভার করতে এসে হাঁটুতে চোট পান কাটার মাস্টার। শুরুতে চোট দেখে কিছুটা গুরুতর মনে হলেও পরীক্ষা-নিরীক্ষার পর শঙ্কা কেটেছে। তার পায়ে গুরুতর কোনো চোট ধরা পড়েনি।

বিসিবির সূত্রের বরাতে দেশের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মুস্তাফিজ চোট পাওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে তাতে তেমন কিছু ধরা পড়েনি। তার হাঁটুতে তেমন কোনো অস্বস্তিও নেই।

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪৯তম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ওভারের পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদির সজোরে মারা একটি বল এসে লাগে তার হাঁটুতে লাগে। তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর মাঠেই তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয়। এরপর উঠে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন তিনি। এরপর এই চোট নিয়েই শেষ বল করেন মুস্তাফিজ এবং একটি উইকেটও তুলে নেন। বাংলাদেশের জয়ের পেছনে সেই উইকেটটি বড় ভূমিকা রেখেছিল।



পাকিস্তান সিরিজ শেষ ঈদের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। জানা গেছে, ঈদ উদযাপন করতে ইতোমধ্যে নিজ জেলা সাতক্ষীরায় চলে গেছেন মুস্তাফিজ। ঈদের ছুটি কাটিয়ে পাকিস্তান সুপার লিগে(পিএসএল) অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন ফিজ। এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে বাদ দেওয়ার পর সরাসরি চুক্তিতে কিনে নেয় লাহোর।

মুস্তাফিজ ছাড়াও এবারের পিএসএলে খেলবেন আরও ৪ বাংলাদেশি ক্রিকেটার। মুস্তাফিজের সতীর্থ হিসেবে লাহোরে খেলবেন পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। এছাড়া রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ হোসেন।

এদিকে আগামী মাসে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এই সিরিজ সামনে রেখে ঈদের পরেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট