
নেপালের নারী ফুটবল লিগে খেলতে দেশ ছাড়ছেন বাংলাদেশের ফুটবলার সানজিদা আক্তার। আজ বিকেলে তিনি কাঠমান্ডুর উদ্দেশে রওনা হচ্ছেন। সেখানে ললিতপুরের ক্লাব জাপা ফুটবল ক্লাবের হয়ে মাঠে নামবেন এই মাঝমাঠের খেলোয়াড়।
দলের হয়ে খুব দ্রুতই খেলতে নামার সুযোগ পাচ্ছেন সানজিদা। আগামীকালই রয়েছে তার দলের ম্যাচ। তবে এই ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। নিজেই জানিয়েছেন, প্রথম ম্যাচে হয়তো মাঠে নামা নাও হতে পারে। এরপরের ম্যাচগুলোতে ভালো খেলে দলের জন্য অবদান রাখতে চান তিনি।
ভারত ও ভুটানের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সানজিদার। তবে নেপালের লিগে এটিই হবে তার প্রথম অংশগ্রহণ। তিনি জানিয়েছেন, ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিক কিছুটা বেশি, যা খেলোয়াড়দের জন্য বাড়তি আগ্রহ তৈরি করে।
এক সময় বাংলাদেশ নারী ফুটবল দলে নিয়মিত মুখ ছিলেন সানজিদা। তবে কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের পর জাতীয় দলে তার জায়গা হয়নি। বর্তমানে ঘরোয়া লিগ ও বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় খেলে নিজের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন এই ফুটবলার।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/টিএ






















