Connect with us
ক্রিকেট

বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

New Zealand level South Africa series with big win
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ছবি- গেটি

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা খুইয়েছে নিউজিল্যান্ড। ফাইনাল হারার পরপরই এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে কিউইরা। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে মিচেল স্যান্টনারের দল।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে।

এদিন হ্যামিলটনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ৪৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। এছাড়া মিচেল স্যান্টনার ১৪ বলে ২০, নিক কেলি ১২ বলে ২১, কোল ম্যাককঞ্চি ১২ বলে ১৮ এবং শেষদিকে নেমে ৮ বলে ২৬ রানের ইনিংস খেলেন জস ক্লার্কসন।



দক্ষিণ আফ্রিকার পক্ষে ২ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন উইয়ান মুল্ডার। এছাড়া একটি করে উইকেট শিকার করেন জেরাল্ড কোয়েটজি, অটনেইল বার্টম্যান, কেশভ মহারাজ ও জর্জ লিন্ডে।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকা তারা। তাতে ১৫.৩ ওভারে ১০৭ রান তুলেই গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন লিন্ডে। এছাড়া উইয়ান মুল্ডার ১৬ এবং রুবিন হারম্যান ১৯ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার বেন সিয়ার্স। ১৬ রান দিয়ে সমান তিনটি উইকেট নেন আরেক পেসার লকি ফার্গুসন। এছাড়া স্যান্টনার ২টি এবং ম্যাককঞ্চি ও জিমি নিশাম একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৭৫/৬ (২০ ওভার)
দক্ষিণ আফ্রিকা : ১০৭/১০ (১৫.৩ ওভার)
ফলাফল : নিউজিল্যান্ড ৬৮ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট