
কাবুলে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রের দাবি, একটি পুনর্বাসন কেন্দ্র লক্ষ্য করে চালানো এই হামলায় প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছেন। তবে এই সংখ্যা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। জাতীয় দলের পেসার নাভিন উল হক নিজের পাতায় লিখেছেন, কাবুলের এই হামলার পর পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না তিনি।
একই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারকা লেগস্পিনার রশিদ খান। তিনি বলেন, বেসামরিক মানুষ, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ইচ্ছাকৃত হোক বা ভুলবশত, এমন হামলাকে তিনি যুদ্ধাপরাধ হিসেবে দেখছেন। বিশেষ করে রমজান মাসে এমন ঘটনা আরও বেশি দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।
রশিদ খান এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি আফগান জনগণের পাশে থাকার কথাও জানিয়েছেন।
মোহাম্মাদ নাবি বলেন, যারা সুস্থ হওয়ার আশায় চিকিৎসাকেন্দ্রে এসেছিলেন, তারা জীবন হারিয়েছেন। হাসপাতালের বাইরে স্বজনদের অপেক্ষার দৃশ্য তাকে নাড়া দিয়েছে বলেও জানান তিনি।
আজমাতউল্লাহ ওমরজাই বলেন, বিস্ফোরণের পর আক্রান্ত স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শান্তির আহ্বান করেন।
এই পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটেও। আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ছিল। কিন্তু আফগানিস্তান শেষ পর্যন্ত সেই সিরিজে অংশ নেয়নি। তাদের জায়গায় খেলেছে জিম্বাবুয়ে।
এদিকে সাম্প্রতিক পরিস্থিতির কারণে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার নির্ধারিত সিরিজও স্থগিত করা হয়েছে। মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজ হওয়ার কথা থাকলেও নিরাপত্তা পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/টিএ





















