Connect with us
ফুটবল

নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

Neymar
দলে জায়গা হল না নেইমারের। ছবি: সংগৃহীত

নেইমারকে ছাড়াই আসন্ন প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে ব্রাজিল। ফলে বিশ্বকাপের আগে তার দলে ফেরা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছেন, সেখানে নেই নেইমারের নাম।

কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমার এখনো পুরোপুরি সুস্থ নন। আর তিনি এমন খেলোয়াড়ই দলে চান, যারা শতভাগ প্রস্তুত।

দল ঘোষণার সময় আনচেলত্তি বলেন, নেইমার পুরোপুরি সুস্থ হলে বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন। তবে সে জন্য তাকে নিয়মিত খেলতে হবে এবং নিজের শারীরিক অবস্থার উন্নতি প্রমাণ করতে হবে। এই মুহূর্তে প্রীতি ম্যাচের জন্য তিনি সম্পূর্ণ ফিট খেলোয়াড়দেরই বেছে নিয়েছেন।



দীর্ঘদিন ধরে চোটে ভোগা নেইমার সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি নিজের পুরোনো ক্লাব সান্তোসের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন এবং একটি গোলে সহায়তাও করেছেন। তবে এখনো আগের মতো ধারাবাহিক ছন্দে ফিরতে পারেননি।

সাম্প্রতিক এক ম্যাচ শেষে নেইমার বলেন, তিনি বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছেন। তবে দলে থাকবেন কি না, সেটি কোচিং দলের সিদ্ধান্ত। তিনি দলে থাকুন বা না থাকুন, ব্রাজিলকে সমর্থন দিয়ে যাবেন বলেও জানান।

নেইমার দলে না থাকলেও নতুন কিছু মুখ সুযোগ পেয়েছে। তরুণ ফরোয়ার্ড এনদ্রিক আবার দলে ফিরেছেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইগর থিয়াগো ও রায়ান ভিতরও।

বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে ফ্রান্সের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল সকালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। আর ১১ জুন শুরু হওয়া বিশ্বকাপে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন, মরক্কোর বিপক্ষে।

প্রীতি ম্যাচে সুযোগ না পাওয়ায় নেইমারের জন্য বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়া এখন আরও কঠিন হয়ে গেল। সামনে থাকা সময়টায় তাকে নিজের ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে কোচকে সন্তুষ্ট করতেই হবে।

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল