
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। তাকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি বেশ কয়েকবার আলোচনায় এলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি সাকিবের। এবার নতুন করে তাকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চলছে। গুঞ্জন রয়েছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরতে পারেন দেশসেরা এই অলরাউন্ডার।
সম্প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও সাকিবকে ফেরানোর বিষয়ে ইতিবাচক বার্তা এসেছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে সাকিবের ফেরা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
ফাহিম বলেন, ‘সাকিবকে নিয়ে যেসব আইনগত বিষয় রয়েছে, সেই কাজগুলো বেশ দ্রুততার সঙ্গে পরিচালিত হচ্ছে। আমি যতটুকু দেখছি বা জানি, সেই প্রেক্ষিতে আমার মনে হয় সামনে কিছুদিনের মধ্যেই সাকিব দেশে ফিরতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করছি যে ওই সময়ের মধ্যে (নিউজিল্যান্ড সিরজের আগে) হয়ত সাকিব চলে আসতে পারবে। সে আসলে আমরা ইতিবাচকভাবেই দেখব। আমি চাইও সে আসুক। ও দলে থাকলে দলে একটা মান যুক্ত হবে এবং সর্বোচ্চ একটা পরিস্থিতি আসলে ও দলে সুযোগও পাবে।’
আগামী মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। এরপর ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/বিটি





















