
সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ ছিল বাংলাদেশের। সেই সুযোগ কাজে লাগিয়েছে টাইগাররা। ঘরের মাঠে সফরকারীদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে মেহেদি হাসান মিরাজের দল। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে একধাপ উপরে নবম স্থানে উঠেছে লাল-সবুজের দল। এবার নিউজিল্যান্ড সিরিজ দিয়ে র্যাঙ্কিংয়ে আরও উন্নতির সুযোগ রয়েছে টাইগারদের।
আগামী মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। আজ সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে কিউইরা।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তান ছিল ৪ নম্বরে। বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে র্যাঙ্কিংয়ে একই অবস্থানে থাকছে দলটি। তবে পূর্বে ১০তম স্থানে থাকা বাংলাদেশের চেয়ে বেশ উপরের দিকে থাকায় বেশি পয়েন্ট পেয়েছে টাইগাররা। অন্যদিকে নিউজিল্যান্ড রয়েছে দুই নম্বরে। তাই কিউইদের হারাতে পারলে আরও বেশি রেটিং পয়েন্ট পাবে টাইগাররা, যা র্যাঙ্কিংয়ে উন্নতিতে অনেক বড় ভূমিকা রাখবে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের উপরে রয়েছে ইংল্যান্ড। যদিও আইসিসি এখনও হালনাগাদ র্যাঙ্কিংয়ে প্রকাশ করেনি। তবে পাকিস্তানকে সিরিজ হারানোর পর বাংলাদেশের রেটিং হওয়ার কথা ৭৯। অন্যদিকে ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৮৮। তাই নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ইংল্যান্ডকে ছাড়ানোর সুযোগ নেই। তবে রেটিং পয়েন্ট বাড়িয়ে ইংলিশদের কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া নিউজিল্যান্ড বর্তমানে ২ নম্বরে রয়েছে। তাই তাদের হারাতে পারলে রেটিং পয়েন্টও বেশি পাবে টাইগাররা।
আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে এই সিরিজ। প্রথমে মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সিরিজটি। একই ভেন্যুতে ২০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। চট্টগ্রামে। এরপর ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ২৭ ও ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো। এরপর ঢাকায় পাড়ি জমাবে দুই দল। ২ মে শেরেবাংলায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/বিটি





















