Connect with us
ক্রিকেট

১৫ বছর পর বাংলাদেশে খেলতে আসছে শ্রীলঙ্কার নারী দল

Srilanka women team
বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার মেয়েরা। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সফরের পূর্ণ সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের মাটিতে এই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় একদিনের আন্তর্জাতিক ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার নারী দল।

সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কা দল। সেদিনই তারা রাজশাহীতে যাবে। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

একই মাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। এই দুই ম্যাচের মাঝে দুই দিন অনুশীলন করবে শ্রীলঙ্কা দল। একদিনের আন্তর্জাতিক সিরিজের সব ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।



একদিনের আন্তর্জাতিক সিরিজ শেষ হওয়ার পর ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা দল। ২৭ এপ্রিল সেখানে অনুশীলন করবে তারা। এরপর ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

এই সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ২ মে একই মাঠে। টি–টোয়েন্টি সিরিজের সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শেষ করে আগামী ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

বাংলাদেশের মাটিতে এর আগে শেষবার ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতায় খেলেছিল শ্রীলঙ্কা নারী দল। তার আগে ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত মেয়েদের ত্রিদেশীয় সিরিজেও অংশ নিয়েছিল তারা। বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে হওয়া সেই সিরিজে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট