Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়, র‌্যাংকিংয়েও এগোল বাংলাদেশ

BD team
ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি। ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ঘরের মাঠে দারুণভাবে শুরু করেছে দলটি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ জিতে দর্শকদেরও হতাশ করেনি টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য খারাপভাবে হেরে সমতায় ফিরে আসে পাকিস্তান। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। সেই ম্যাচে জমে ওঠা লড়াইয়ের পর ১১ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

এই জয়ের ফলে শুধু সিরিজই জেতেনি বাংলাদেশ, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের র‌্যাংকিংয়েও এগিয়েছে তারা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এখন একদিনের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম।



আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও তখন দশম স্থানে ছিল বাংলাদেশ। দুই দলের পয়েন্টের ব্যবধান ছিল খুবই কম। পাকিস্তান সিরিজ জয়ের পর সেই অবস্থান বদলে গেছে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর সময় বাংলাদেশের পয়েন্ট ছিল ৭৬। সিরিজ ২–১ ব্যবধানে জয়ের পর সেই পয়েন্ট বেড়ে হয়েছে ৭৯। অন্যদিকে ৭৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী বছরের ৩১ মার্চের র‌্যাংকিংয়ের ভিত্তিতে ঠিক হবে পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার দলগুলো। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। এর বাইরে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দলও সরাসরি সুযোগ পাবে। পাশাপাশি স্বাগতিক আরেক দল নামিবিয়াও বিশ্বকাপে খেলবে।

যদি দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটের মধ্যে থাকে, তাহলে নবম দলটিও সরাসরি সুযোগ পাবে। সেই কারণে অন্তত নবম স্থানে থাকার লক্ষ্য বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর আপাতত সেই জায়গায় উঠে এসেছে তারা।

অন্যদিকে সিরিজ হারলেও র‌্যাংকিংয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে পাকিস্তান। তবে তাদের পয়েন্ট ১০৫ থেকে কমে এখন হয়েছে ১০২।

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট