
টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ সফরেও খুব একটা ভালো করতে পারেনি পাকিস্তান। তিন ম্যাচের একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরালেও শেষ ম্যাচে লড়াই করেও হারতে হয়েছে তাদের। ফলে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
সিরিজ হারলেও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। বিশেষ করে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম–এর ব্যাটিং তাকে বেশ মুগ্ধ করেছে।
ম্যাচ শেষে তামিমের ইনিংস নিয়ে হেসন বলেন, তামিম প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করেছে। অন্যদিকে পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ভালো খেলেছেন সালমান আলী আগা। তার মতে, ম্যাচে দুটি চমৎকার ইনিংস দেখা গেছে।
তামিমের ব্যাটিং সম্পর্কে পাকিস্তান কোচ বলেন, যেখানে সুযোগ পেয়েছে সেখানেই রান তুলেছে সে। কোনো সুযোগ নষ্ট করেনি। সোজা বল হলে তুলে মেরেছে, বাইরে গেলে অফ দিকে খেলেছে। বোলাররা লাইনে ভুল করলেই তা কাজে লাগিয়েছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে ভালো সুইপ খেলেছে। ক্রিজের ভেতর জায়গা ব্যবহার করে বিভিন্ন শট খেলেছে। সব মিলিয়ে তার ইনিংসটি খুবই ভালো ছিল এবং দলের বড় সংগ্রহ গড়ার ভিত্তি তৈরি করে দিয়েছে।
নিজেদের দল নিয়েও কথা বলেছেন হেসন। তিনি বলেন, এটি নতুন ধরনের একদিনের দল। নিজেদের মাঠে এর আগে দুটি সিরিজ জিতেছে পাকিস্তান। সেই সময়ও নেতৃত্বে ছিলেন শাহীন শাহ আফ্রিদি। এই সিরিজে দলে কিছু পরিবর্তন আনা হয়েছিল এবং তরুণদের দেখার সুযোগ দেওয়া হয়েছে। তাদের কয়েকজন ভালো সম্ভাবনার আভাস দেখিয়েছে বলেও মনে করেন তিনি।
অধিনায়ক শাহীনকে নিয়েও প্রশংসা করেছেন পাকিস্তান কোচ। তার মতে, তরুণদের নিয়ে দল পরিচালনা করা সহজ কাজ নয়। তবু শাহীন সব সময় ইতিবাচক ছিল এবং সতীর্থদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছে। কৌশলের দিক থেকেও সে সচেতন ছিল এবং নিজের খেলাতেও ভালো করেছে।
বোলিং নিয়েও নিজের মতামত জানিয়েছেন হেসন। তিনি বলেন, প্রথম ১৫ ওভারে তাদের বোলিং কিছুটা এলোমেলো ছিল। তবে পরের ৩৫ ওভারে দল খেলায় ফিরে আসে। শেষ দিকে গতি পরিবর্তন ও বল ঘোরানোর কৌশল কাজে লাগানো হয়। তখনও ম্যাচ হাতের নাগালে ছিল। কিন্তু বাংলাদেশ তিন শতাধিক রান করে ফেলায় পরে আর ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়।
সব মিলিয়ে সিরিজ হারলেও দলের তরুণ কয়েকজন খেলোয়াড় ভালো সম্ভাবনা দেখিয়েছে বলে মনে করেন পাকিস্তানের প্রধান কোচ।
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/টিএ





















