
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচ খেলছে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটার। তাদের জুটিতে আসে ১০৫ রান।
এই ম্যাচে নিজের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতকের দেখা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন তিনি। মাত্র ৪৭ বলে অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। এরপর আরও ৪৯ বল খেলে শতকে পৌঁছান। সব মিলিয়ে ৯৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি।
শতক করার পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তানজিদ। শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কার মার।
তানজিদের এমন ইনিংসের পর প্রশংসা করেছেন বাংলাদেশের সাবেক ব্যাটার ইমরুল কায়েস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তানজিদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ইমরুল লিখেছেন, তানজিদ হাসান তামিম একজন অসাধারণ ক্রিকেটার। আমি বিশ্বাস করি, সে একদিন বাংলাদেশের অনেক ব্যাটসম্যানের রেকর্ড ভেঙে ফেলবে। আমার মনে হয়েছে সে দীর্ঘ সময়ের ক্রিকেট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। আশা করি বাংলাদেশের নির্বাচকেরা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/টিএ






















