
অবশেষে বাতিল হলো বহুল প্রতীক্ষিত ২০২৬ ফিনালিসিমা। ইউরো ২০২৪ জয়ী স্পেন এবং সবশেষ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচটি চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ছিল। তবে ভেন্যু ও সময় জটিলতায় শেষ পর্যন্ত বাতিল হয়েছে ফুটবলপ্রেমীদের আগ্রহের তুঙ্গে থাকা এই ম্যাচটি।
রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে ম্যাচটি বাতিলের কথা জানিয়ে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
আগামী ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের ফিনালিসিমা। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফিনালিসিমার ভেন্যুতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় উয়েফা ও কনমেবল। উয়েফা কাতারের বিকল্প হিসেবে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিল। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি বলে ম্যাচটি বাতিল হয়েছে।
শুরুতে স্পেনে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু বার্নাব্যুতে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছিল উয়েফা। তবে এই ভেন্যুতে খেলতে আগ্রহী নয় আর্জেন্টিনা। বিকল্প হিসেবে দুই লেগে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দেয় উয়েফা। সেক্ষেত্রে ২৭ মার্চ বার্নাব্যুতে প্রথম লেগ এবং পরবর্তীতে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে হবে দ্বিতীয় লেগের ম্যাচ। তবে সেই প্রস্তাবও নাকচ করে দেয় এএফএ।
শেষ পর্যন্ত ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা ভাবছিল উয়েফা। তবে সেক্ষেত্রে ম্যাচটি ২৭ মার্চ বা ৩০ মার্চে আয়োজনের প্রস্তাব দেয় উয়েফা। তবে এএফএ এই প্রস্তাবেও রাজি হয়নি। তারা জানিয়ে দেয়, ৩১ মার্চ ম্যাচটি আয়োজিত হলে তারা খেলতে পারবে। শেষ পর্যন্ত এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। তাই বাতিল হয়েছে ম্যাচটি।
আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ নিয়ে সমর্থকের আগ্রহও ছিল তুঙ্গে। এই ম্যাচ দিয়ে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের মধ্যকার লড়াই দেখতে মুখিয়ে ছিল বিশ্বের ফুটবলপ্রেমীরা। তবে শেষ পর্যন্ত সকল ফুটবলপ্রেমীদের হতাশ করে বাতিল হলো ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/বিটি
























