
আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ হাসান তামিম। ওয়ানডে দিয়ে জাতীয় দলের জার্সিতে যাত্রা শুরুর প্রায় আড়াই বছর পর প্রথম সেঞ্চুরি পেলেন তিনি। আজ (রোববার) পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শতকের দেখা পেয়েছেন এই বাঁহাতি ওপেনার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে ভঙ্গিমায় খেলতে থাকেন এই ওপেনার। ৪৭ বলেই পৌঁছে যান ফিফটিতে। ফিফটি হাকিয়ে রান তোলার গতি আরও বাড়িয়ে দেন তামিম। তবে সত্তরের ঘরে পৌঁছানোর পর কিছুটা রক্ষনাত্মক ভঙ্গিমায় খেলেন তিনি। ফলে শেষদিকের রানগুলো কিছুটা ধীরগতিতে আসে।
ব্যক্তিগত ৯৪ রানে পৌঁছানোর পর আর দেরি করেননি তানজিদ। সালমান আগাকে ছক্কা মেরে শতরানে পৌঁছান এই তারকা। ৯৮ বলে ৭ ছক্কা আর ৬ চারে শতক পূর্ণ হয় এই বাঁহাতি ওপেনারের।
অবশ্য সেঞ্চুরি হাকিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তানজিদ। ইনিংসের ৩৭তম ওভারে আবরার আহমেদের বলে শর্ট কাভারে ক্যাচ তুলে দেন তিনি। সেখানে দাঁড়িয়ে থাকা শাহিন আফ্রিদি সহজেই ক্যাচটি লুফে নেন। শর্ট কাভারে ক্যাচ তুলে দিয়ে বিশ্বাসই হচ্ছিল না তার। তবে দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটিয়ে ফিরতে হয়েছে তাকে।
সাজঘরের ফেরার আগে ১০৭ বলে ৬ চার ও ৬ ছক্কায় ১০৭ করেন তানজিদ। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা ইনিংস। এর আগে ওয়ানডেতে এক ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৮৪। ২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এই স্কোর করেছিলেন তিনি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পেলেন প্রথম সেঞ্চুরির দেখা।
এছাড়া এই ইনিংস খেলার মধ্য দিয়ে আরও একটা মাইলফলক স্পর্শ করেছেন তানজিদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ওপেনার।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/বিটি





















