
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।
করাচিতে জন্ম নেওয়া সরফরাজের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় ২০০৭ সালে একদিনের ম্যাচ দিয়ে। পরে ২০১০ সালে তিনি টেস্ট ও টি–টোয়েন্টি দলে জায়গা পান। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি একদিনের এবং ৬১টি টি–টোয়েন্টি ম্যাচ। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে তার মোট রান ৬ হাজার ১৬৪। আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছে ৬টি শতক ও ৩৫টি অর্ধশতক। উইকেটের পেছনে তিনি নিয়েছেন ৩১৫টি ক্যাচ এবং করেছেন ৫৬টি স্টাম্পিং।
অধিনায়ক হিসেবেও পাকিস্তান দলকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে তিনি ১০০টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেন। তার নেতৃত্বে একসময় টি–টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থানে উঠেছিল পাকিস্তান। এছাড়া তার সময়েই টানা ১১টি টি–টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়েছিল দলটি।
সরফরাজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৮০ রানের বড় জয় পেয়ে শিরোপা জেতে পাকিস্তান। সেই শিরোপা জয়ের মাধ্যমে পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে ২০০৬ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জেতান সরফরাজ। ফলে বয়সভিত্তিক ও জাতীয় দল দুই পর্যায়েই আন্তর্জাতিক শিরোপা জেতা একমাত্র পাকিস্তানি অধিনায়ক তিনি।
ব্যক্তিগত পারফরম্যান্সেও বেশ কিছু স্মরণীয় মুহূর্ত আছে তার ক্যারিয়ারে। ২০১৯ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্টে ১০টি ক্যাচ নিয়ে পাকিস্তানের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েন তিনি। আবার ২০১৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শতক করে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে একটি বিশেষ কীর্তি গড়েছিলেন।
সবশেষে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে পাকিস্তানের জার্সিতে মাঠে নেমেছিলেন সরফরাজ। অবসরের ঘোষণা দিয়ে তিনি জানান, পাকিস্তানের হয়ে খেলতে পারা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয় থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তোলার মুহূর্ত সবকিছুই তার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/টিএ





















