
পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ১১ বছরের অপেক্ষা ফুরোলো বাংলাদেশের। ১১ বছর পর ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১০০ রান পেরিয়েছে টাইগাররা। আজ (রোববার) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটিতে শতরান পেরোয় লাল-সবুজের দল।
সবশেষ ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে শতরান পেরিয়েছিল বাংলাদেশ। এই মিরপুরেই সিরজের শেষ ওয়ানডেতে তামিম ইকবাল ও সৌম্য সরকার মিলে উদ্বোধনী জুটিতে ১৪৫ রান যোগ করেছিলেন। এরপর আর উদ্বোধনী জুটিতে শতরান পেরোতে সক্ষম হয়নি টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচের পর ওয়ানডেতে ছয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। তবে একবারও শতরান আসেনি উদ্বোধনী জুটি থেকে। অবশেষে এই মিরপুরেই তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে তানজিদ ও সাইফের ব্যাটে শতরান পেরোতে সক্ষম হয়েছে লাল সবুজের দল। দুজন মিলে ১০৯ বলে ১০৫ রান যোগ করেন।
এদিন মিরপুরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তানজিদ ও সাইফ। আগের ম্যাচে ১৫ রানেই ৩ উইকেট হারানো স্বাগতিকরা আজ পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে নেয়।
পাওয়ারপ্লে শেষে রান তোলার গতি বাড়ায় টাইগাররা। তাতে ১৮ ওভারেই শতরানে পৌঁছে যায় লাল-সবুজ বাহিনী। ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলেই শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ। তাতে ভেঙে যায় ১০৫ রানের উদ্বোধনী জুটি। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৩৬ রান সাইফ।
এর আগে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় পাকিস্তান। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লড়ছে দুই দল।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/বিটি





















