
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। তিন ম্যাচের এই সিরিজে এখন সমতা থাকায় আজকের ম্যাচই ঠিক করে দেবে কে জিতবে সিরিজ। তবে ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছে আবহাওয়ার বিষয়টি। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকায় খেলায় প্রভাব পড়তে পারে।
এর আগে দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি খেলার মধ্যে বাধা সৃষ্টি করেছিল। বাংলাদেশের ইনিংসের সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, সঙ্গে কিছু সময় শিলাও পড়ে। পরে মাঠ প্রস্তুত করে আবার খেলা শুরু করা হয়। কিন্তু দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার কারণে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। ৩২ ওভারে ২৪৩ রান করতে হতো বাংলাদেশকে। সেই লক্ষ্য পূরণ করতে পারেননি লিটন দাস ও তৌহিদ হৃদয়েরা।
আজকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিষয়ক একটি আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্য বলছে, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫৫ শতাংশ। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রায় ৫২ শতাংশ। দিনের তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আজকের ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। সেই সময়ে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, প্রায় ১৪ শতাংশ। তবে বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বিকেল ৪টার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৪৩ শতাংশ, ৫টার দিকে ৪৭ শতাংশ এবং সন্ধ্যা ৬টার দিকে তা বেড়ে প্রায় ৫১ শতাংশে পৌঁছাতে পারে।
সন্ধ্যার পর আবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ থাকতে পারে। সারাদিনই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি পাকিস্তান। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। সেই ম্যাচে পাঁচ উইকেট নেন নাহিদ। পরে তানজিদ হাসান তামিমের অর্ধশতকে সহজ জয় পায় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ব্যাট হাতে ভালো খেলেন মাজ সাদাকাত ও সালমান আলী আঘা। তাদের অর্ধশতকে পাকিস্তান তোলে ২৭৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে ম্যাচের সমীকরণ কঠিন হয়ে যায় এবং শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি স্বাগতিকরা।
ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১–১ সমতা। আজকের ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের বিজয়ী দল।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/টিএ





















