Connect with us
ক্রিকেট

আইনি সমস্যা সমাধান হলেই দেশে ফিরব : সাকিব

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ–পাকিস্তান সিরিজকে ঘিরে আবারও জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার আলোচনা শুরু হয়েছিল। অনেকেই মনে করেছিলেন এই সিরিজ দিয়েই হয়তো তিনি মাঠে ফিরবেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি। মূলত তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে একদিনের ম্যাচের সিরিজও প্রায় শেষের পথে। ফলে সাকিব কবে আবার জাতীয় দলে খেলবেন, সেটি এখনও অনিশ্চিত।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে নিজের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেখানে তিনি জানান, সুযোগ পেলে আবারও জাতীয় দলে ফিরতে চান। তবে সবকিছুই এখন আইনি জটিলতার ওপর নির্ভর করছে।

সাকিব বলেন, তিনি আশা করছেন আবার খেলতে পারবেন। কিন্তু বর্তমানে বেশ কিছু বিষয় আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এগুলো সমাধানের চেষ্টা চলছে। তার মতে, ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আন্তরিকভাবেই বিষয়টি দেখছে। বোর্ডের সহযোগিতা আরও বাড়লে সমস্যাগুলো হয়তো দ্রুত সমাধান হতে পারে।



আইনি জটিলতা কেটে গেলে যত দ্রুত সম্ভব দেশে ফেরার ইচ্ছার কথাও জানান তিনি। সাকিব বলেন, এ ধরনের অভিজ্ঞতা তার জন্য নতুন। আইনি প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগতে পারে, সেটি তার পক্ষেও বোঝা কঠিন। তাই আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সমস্যাগুলো মিটে গেলে তিনি দেরি না করে ফিরে আসবেন বলেও জানান। তার ভাষায়, সমাধান যেদিন হবে, পরের দিনই তিনি দেশে ফেরার চেষ্টা করবেন।

আলোচনার এক পর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং নিয়েও কথা বলেন সাকিব। তিনি জানান, এর আগে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে এই বোলারের বিপক্ষে খেলেছেন তিনি। তার মতে, উসমানের বলের ধরন বুঝে খেলতে প্রথম দিকে বেশ কঠিন লাগে। তবে কয়েকবার খেলার পর ধীরে ধীরে মানিয়ে নেওয়া যায়।

সাকিব আরও বলেন, নতুন কোনো রহস্য স্পিনারের বিপক্ষে প্রথমবার খেললে ব্যাটারদের জন্য বিষয়টি কঠিন হয়ে দাঁড়ায়। ক্রিকেটে মাঝেমধ্যে এমন ব্যতিক্রমী বোলার দেখা যায়। অতীতে অজন্তা মেন্ডিস বা মুরালিধরনের মতো বোলারদের কথাও উল্লেখ করেন তিনি। তাদের বল বোঝাও শুরুতে অনেক ব্যাটারের জন্য কঠিন ছিল বলে জানান সাকিব।

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট