Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান

সিরিজ জিততে পারবে কি বাংলাদেশ, পরিসংখ্যান কি বলছে

Bangladesh vs Pakistan
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- এএফপি

দাপুটে জয়ে পাকিস্তান সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ছন্দ হারিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শাহিন আফ্রিদির দল। তাই সিরিজের শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচের দিকে তাকিয়ে লাল-সবুজের দল।

তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতার পরিস্থিতিতে আগেও অনেকবার পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সফলতা এসেছে কয়টি সিরিজে, পরিসংখ্যান কি বলছে?

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ৭৯টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২৫টি সিরিজে ২-১ ব্যবধানে ফল নির্ধারিত হয়েছে। যার মধ্যে বাংলাদেশ ১২টি সিরিজে জয় পেয়েছে। আর বাকি ১৩টি সিরিজে তারা হেরেছে। তবে এই ২৫টি সিরিজের মধ্যে ১৬টি সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছিল।



এই ১৬টি সিরিজের মধ্যে বাংলাদেশ শেষ পর্যন্ত সফলতা পেয়েছে ৮টি সিরিজে। অর্থাৎ ৮টি সিরিজে ১-১ সমতার পর শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল লাল-সবুজের দল। আর বাকি ৮টিতে তৃতীয় ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছিল টাইগাররা।

গত বছর বাংলাদেশের খেলা তিনটি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে একটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ জয় পেলেও শ্রীলঙ্কা সিরিজে হেরেছিল। শ্রীলঙ্কা সফরে হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ। তবে শেষ ম্যাচ হেরে সিরিজ খোয়ায় সফরকারীরা।

সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সিরিজে ১-১ সমতা ফেরায় ক্যারিবিয়ানরা। এরপর শেষ ম্যাচে সফরকারীদের হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নেয় মেহেদি হাসান মিরাজের দল। এবারও মিরাজের নেতৃত্বে একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এখন দেখায় বিষয় শেষ পর্যন্ত কাদের পক্ষে যায় ফলাফল।

আগামীকাল (রোববার) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট