
ঘরের মাঠে পাকিস্তান সিরিজ ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামীকাল (রোববার) তৃতীয় ওয়ানডের মধ্য দিয়ে শেষ হবে এই সিরিজ। কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে মুসলিম উম্মাহ’র প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ উপলক্ষ্যে ক্রিকেটারদের বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঈদ উপলক্ষ্যে ক্রিকেটারদের উপহার দেওয়ার কথা আগেই জানিয়েছিল বিসিবি। এমনকি গত বছরও ঈদ উপলক্ষ্যে ক্রিকেটারদের উপহার দিয়েছিল বোর্ড। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আজ (শনিবার) বিসিবির পক্ষ থেকে নাফিস ইকবাল-আব্দুর রাজ্জাকরা ক্রিকেটারদের হাতে উপহার বাক্স তুলে দিয়েছেন। এই বাক্সে খেলোয়াড়দের জন্য কাবলি সেট রয়েছে। তাছাড়া যাদের স্ত্রী-সন্তান রয়েছে তাদের জন্যও উপহার রয়েছে। স্ত্রীর জন্য কাপড় আর শিশুদের জন্য রয়েছে চকলেট।
উপহার পেয়ে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন তাসকিন আহমেদ। নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এই পেসার বলেন, ‘খুব সুন্দর গিফট। এগুলো পরিবারের- যাদের বাবু আছে তাদের জন্য চকলেট। আমার জন্য, খুব সুন্দর একটা কাবলি এবং আমার স্ত্রীর জন্য (কাপড়)। এগুলো পেয়ে খুবই খুশি। বিসিবির প্রশংসা করছি এ জন্য যে, আমরা বছরের ৩৬৫ দিনের মধ্যে হয়তো ২৬৫ দিনই দলের সঙ্গে থাকি। এটাও আমার ফ্যামিলি। খুবই স্পেশাল, আমি খুবই খুশি।’
সামনে আরও বড় কিছু উপহার দেওয়ার কথা জানিয়ে জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘ইনশাআল্লাহ সামনে এটাকে আরও বড় করে দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে মনে হয় যে এটা একটা বন্ধন, যেটা খেলোয়াড় ও বিসিবির মধ্যে থাকাটা খুবই দরকার। আমরা যে উপহার দিয়েছে, এটা কিন্তু ওরা চাইলে সহজেই কিনত পারে, কিন্তু যেকোনো উপহার এই যে খুশিটা দেয়, এটাই শান্তির।’
জানা গেছে, প্রতিটি ক্রিকেটারের জন্য প্রায় ১০ হাজার টাকা করে বাজেট ধরা হয়েছে। মোট ৩০ জন ক্রিকেটার এই উপহার পাচ্ছেন।
ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৬/বিটি





















