Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন সালমান আগা

ICC gives bad news to Salman Ali Agha
রানআউটের পর প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেলেন সালমান আগা। ছবি- এএফপি

আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানআউটের পর প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেলেন এই তারকা।

দ্বিতীয় ওয়ানডেতে রানআউট হয়ে প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে তর্কেও জড়ান আগা। এরপর গ্লাভস ও হেলমেট মাটিতে ছুড়ে মারেন তিনি। আর এ ঘটনায় তাকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

গতকাল (শুক্রবার) দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে এই ঘটনা ঘটে। মিরাজের দশম ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। এরপর বলটি সোজা মিরাজের দিকেই আসছিল। তবে ননস্ট্রাইকে থাকা আগা রান নেওয়ার জন্য কিছুটা এগিয়ে গিয়েছিলেন। তবে তিনি দাগের বাইরে থেকেই বলটি ধরে মিরাজকে এগিয়ে দেন।



আউটের পর ক্ষুদ্ধ সালমান আলী আগা। ছবি- এএফপি

তবে আগা ভেতরে আসার আগেই স্টাম্প ভেঙে আউটের আবেদন জানান মিরাজ। তাতে সিদ্ধান্ত গড়ায় তৃতীয় আম্পায়ারের কাছে। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। তাতে মেজাজ হারান আগা। মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি গ্লাভস ও হেলমেট মাটিতে ছুড়ে মারেন। বাউন্ডারি সীমানা পার করে আরও একবার গ্লাভস ও হেলমেট ছুড়ে মারেন এই তারকা।

এ ঘটনায় আগার ওপর ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্ট’ আরোপ করেন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ। তবে আগা এি অভিযোগ মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের দেয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। তাতে বৃষ্টি আইনে ১২৮ রানের ব্যবধানে জয় পায় পাকিস্তান। ফলে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আগামীকাল (রোববার) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট