
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা দ্য হান্ড্রেডে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২০২৬ মৌসুমের জন্য আয়োজিত নিলামে তাকে দলে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। এর মাধ্যমে এই প্রতিযোগিতায় দল পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন মুস্তাফিজ।
আগের ছয় আসরে ক্রিকেটার বাছাই করা হতো খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। এবার প্রথমবারের মতো নিলামের আয়োজন করে কর্তৃপক্ষ। সেই নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। একই তালিকায় ছিলেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন, তবে তিনি কোনো দল পাননি।
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় আগেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মুস্তাফিজ। তাই দ্য হান্ড্রেডেও তার অভিষেক ঘিরে আগ্রহ রয়েছে সমর্থকদের মধ্যে। বার্মিংহ্যাম ফিনিক্সে তিনি বেশ কয়েকজন পরিচিত বিদেশি ক্রিকেটারের সঙ্গে খেলবেন।
এই দলে সবচেয়ে বেশি দামে নেওয়া হয়েছে ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেলকে। সাম্প্রতিক বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত শতরান করে আলোচনায় আসেন তিনি। তাকে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।
এ ছাড়া দলে আছেন ইংল্যান্ডের লেগস্পিন অলরাউন্ডার রেহান আহমেদ, দক্ষিণ আফ্রিকার ব্যাটার দোনোভান পেরেইরা, অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটার মিচেল ওয়েন এবং ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকও আছেন এই দলে। পাশাপাশি রয়েছেন লরি ইভানস, জো ক্লার্ক, উল স্মিদ, জর্ডান থম্পসন, স্কট কুরি, ক্রিস উড এবং ইথান ব্রুকস।
আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হান্ড্রেডের সপ্তম আসর। প্রতিযোগিতাটি চলবে ৬ আগস্ট পর্যন্ত।
দল পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজ নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে তিনি আনন্দিত এবং বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে নতুন মৌসুম শুরু করার জন্য অপেক্ষা করছেন। সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্যও ধন্যবাদ জানিয়েছেন এই বাঁহাতি পেসার।
বার্মিংহ্যাম ফিনিক্সের স্কোয়াড : জ্যাকব বেথেল (৩ লাখ ৪০ হাজার পাউন্ড), রেহান আহমেদ (আড়াই লাখ পাউন্ড), দোনোভান পেরেইরা (২ লাখ ১০ হাজার পাউন্ড), মিচেল ওয়েন (১ লাখ ৩০ হাজার পাউন্ড), সাকিব মাহমুদ (দেড় লাখ পাউন্ড), উসমান তারিক (১ লাখ ৪০ হাজার পাউন্ড), জো ক্লার্ক (৮৫ হাজার পাউন্ড), উল স্মিদ (৫৫ হাজার পাউন্ড), জর্ডান থম্পসন (৬০ হাজার পাউন্ড), স্কট কুরি (২ লাখ ১০ হাজার পাউন্ড), লরি ইভানস (৮৫ হাজার পাউন্ড), ক্রিস উড (৭০ হাজার পাউন্ড), ইথান ব্রুকস (৭০ হাজার পাউন্ড) ও মুস্তাফিজুর রহমান (১ লাখ পাউন্ড)।
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৬/টিএ




















