Connect with us
ক্রিকেট

আগামী ১০ বছরে ৫ আইসিসি শিরোপা জয়ের লক্ষ্য ভারতের

India
ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পাচ্ছে ভারত। গত দুই বছরে আইসিসির তিনটি বড় শিরোপা জিতেছে দলটি। তবুও এখানেই থেমে থাকতে চাইছেন না ভারতীয় ক্রিকেটাররা। বরং সামনে আরও বড় লক্ষ্য ঠিক করে নিয়েছেন তারা।

ভারতের পেসার আর্শদীপ সিং জানিয়েছেন, আগামী দশ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি জেতার লক্ষ্য নিয়েই এগোতে চায় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সম্প্রতি অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ভারত। প্রথম দল হিসেবে তিনবার এই শিরোপা জিতেছে তারা। একই সঙ্গে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তিও গড়েছে ভারত। ঘরের মাঠে এই বিশ্বকাপ জয়ের ঘটনাও ছিল তাদের জন্য বিশেষ অর্জন।



এই সাফল্যের পরেই ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন দলের কয়েকজন ক্রিকেটার। আর্শদীপ জানান, ২০২৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর হার্দিক পাণ্ডিয়া ও দলের কয়েকজন মিলে একটি লক্ষ্য ঠিক করেন।

তার মতে, ১০ বছরের মধ্যে অন্তত পাঁচটি আইসিসি শিরোপা জিততে চান তারা। আর্শদীপের বিশ্বাস, পরিকল্পনা মেনে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে পারলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। তাই দল এখন নিয়মিত অনুশীলন এবং নিজেদের পারফরম্যান্স উন্নত করার দিকেই বেশি মন দিচ্ছে।

সাম্প্রতিক বিশ্বকাপে ভারতের পেস আক্রমণে বড় ভরসা ছিলেন আর্শদীপ ও জসপ্রীত বুমরাহ। বুমরাহর সঙ্গে বল করার অভিজ্ঞতা নিয়ে আর্শদীপ বলেন, তার সঙ্গে খেলতে সব সময় ভালো লাগে। মাঠে বুমরাহ খুব শান্তভাবে নিজের পরিকল্পনা মেনে বল করেন। কঠোর পরিশ্রম করেন এবং দলের অন্যদেরও একইভাবে পরিশ্রম করতে উৎসাহ দেন।

ভারতের এই নতুন লক্ষ্য এখন তাদের ভবিষ্যৎ পথচলার বড় প্রেরণা হয়ে উঠেছে। দলের ক্রিকেটাররা বিশ্বাস করেন, ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে সামনে আরও অনেক সাফল্য তাদের অপেক্ষা করছে।

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট