
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও টস ভাগ্য বাংলাদেশের পক্ষেই থাকে। এদিন টসে জিতে অধিনায়ক মিরাজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে একাদশে এক পরিবর্তন নিয়ে খেলছে পাকিস্তান।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া দুইটায়। প্রথম ম্যাচে বড় জয়ের আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিকরা।
বাংলাদেশ এই ম্যাচে কোনো পরিবর্তন আনেনি। প্রথম ম্যাচে যারা খেলেছিলেন, তারাই আজও একাদশে আছেন। তবে পাকিস্তান দলে একটি পরিবর্তন হয়েছে। স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে নেওয়া হয়েছে পেসার হারিস রউফকে।
আজকের ম্যাচে জিততে পারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। এতে আন্তর্জাতিক ক্রমতালিকাতেও এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে দলের সামনে। বর্তমানে দশম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮। আজ জিতলে তা বেড়ে হবে ৭৯ এবং দল উঠে যাবে নবম স্থানে। তিন ম্যাচের সিরিজে ৩–০ ব্যবধানে জিততে পারলে পয়েন্ট হবে ৮১। বর্তমানে অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।
গত বুধবার সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে থামিয়ে ২০৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় মিরাজের দল। তাই আজকের ম্যাচ জিততে পারলে সিরিজও নিজেদের করে নেবে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৬/টিএ






















