Connect with us
ক্রিকেট

একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা

Bangladesh and Pakistan cricketers will break their fast together.
বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন। ছবি- সংগৃহীত

চলছে পবিত্র রমজান মাস। মুসলমানদের সিয়াম সাধনার মাসেই ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। গত ৮ মার্চ ভোরে বাংলাদেশে পা রেখেই এয়ারপোর্টে সেহরি করেন পাকিস্তানের ক্রিকেটাররা। এবার বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ইফতার করবে সফরকারী দলটি।

গতকাল (বুধবার) মাঠে গড়ায় সিরিজের প্রথম ওয়ানডে। তবে দ্বিতীয় ওয়ানডের আগে আজ বিরতি রয়েছে। আর এই বিরতির দিনেই বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান। তিনি বলেন, ‘আজ দুই দলের ইফতার একসঙ্গে করার ব্যবস্থা করা হয়েছে।’

তবে ইফতারে ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। কোনো ক্রিকেটার চাইলে আলাদা বা বাসায় গিয়ে ইফতার করতে পারবেন। নাফিস বলেন, ‘ইফতারে অংশগ্রহণ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। যদি কেউ চায় আলাদা বা বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে, তাহলে করতে পারবেন।’



এর আগে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। মিরপুরে সফরকারীদের পাত্তাই দেয়নি লাল-সবুজের দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার পেস তাণ্ডব ও মেহেদি হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ৪২ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসে মাত্র ১৫.১ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

এদিকে রমজানের মাসে খেলা হওয়ায় রোজা রেখে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি। ইফতারের সময় সবাইকে বিনামূল্যে পানি দেবে বিসিবি। যদিও প্রথম ম্যাচটি ইফতারের কিছুক্ষণ আগেই শেষ হয়ে যায়। তবে সিরিজের বাকি দুই ম্যাচেও থাকছে একই ব্যবস্থা।

আগামীকাল (শুক্রবার) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরপর ১৪ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট