
২০২৭ এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে এশিয়ান কাপ বাছাইপর্বে এখনো একটি ম্যাচ বাকি আছে হামজা-জামালদের। চলতি মাসের শেষের দিকে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি খেলতে নামবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে এই ম্যাচের আগে প্রস্তুতির জন্য ঢাকায় আসবেন না হামজা চৌধুরী।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামে গিয়ে তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দুটি সামনে রেখে ঈদুল ফিতরের আগেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। আগামী ১৬ মার্চ থেকে বসুন্ধরা কিংসে অনুশীলন করবেন ফুটবলাররা। তবে এই ক্যাম্পে যোগ দিতে ঢাকায় আসবেন না হামজা।
মূলত ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণেই ক্যাম্পে যোগ দেওয়া হচ্ছে না হামজার। চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তার। আন্তর্জাতিক বিরতির আগে ২১ মার্চ কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবেন হামজারা। আর এ কারণেই জাতীয় দলের ক্যাম্পের যোগ দেওয়া হচ্ছে না ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের।
অবশ্য ক্যাম্পে যোগ না দিলেও ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে দুটো ম্যাচেই খেলবেন তিনি। ক্লাবের ব্যস্ততা শেষে ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। এরপর ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের দল। পরদিন সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেবে লাল-সবুজের দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবেন হামজা-জামালরা।
এ বিষয়ে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘হামজা ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবে। সে ভিয়েতনামের বিপক্ষে খেলবে। সেখান থেকে সিঙ্গাপুরে যাবে। সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে ইংল্যান্ডে ফিরে যাবে।’
উল্লেখ্য, গত জানুয়ারির শেষের দিকে চ্যাম্পিয়নশিপের ম্যাচে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন হামজা। প্রাথমিক ধারণা করা হয়েছিল, অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে ইনজুরি কাটিয়ে প্রত্যাশার চেয়েও দ্রুত মাঠে ফেরেন তিনি। গত ৭ মার্চ ইপসুইচ টাউনের ম্যাচের ৮২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন হামজা। এরপর গতকাল (১২ মার্চ) ব্রিস্টল সিটির বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন হামজা। ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/বিটি






















