Connect with us
ক্রিকেট

ইএসপিএন ক্রিকইনফো থেকে বর্ষসেরা বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন

Taskin
তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ২০২৫ সালের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে বর্ষসেরা বোলিংয়ের স্বীকৃতি পেয়েছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো থেকে। গত বিপিএলে তাঁর করা একটি দুর্দান্ত বোলিং পারফরম্যান্সকেই বছরের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

২০২৫ সালের বিপিএলে দুর্বার রাজশাহী দলের হয়ে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। টি–টোয়েন্টি ক্রিকেটে এমন পারফরম্যান্স খুব কমই দেখা যায়। সেই বোলিংকেই বছরের সেরা বোলিং হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্রিকইনফো।

যেকোনো ধরনের ক্রিকেটেই এক ইনিংসে ৭ উইকেট পাওয়া খুব বিরল ঘটনা। বিশেষ করে টি–টোয়েন্টি ক্রিকেটে এমন সাফল্য খুব কম বোলারই পেয়েছেন। ২০২৫ সালের ২ জানুয়ারির আগে টি–টোয়েন্টি ক্রিকেটে মাত্র দুই বোলার এক ইনিংসে ৭ উইকেট নিতে পেরেছিলেন। তাসকিন সেই তালিকায় তৃতীয় বোলার হিসেবে জায়গা করে নেন। পরে আরও দুজন বোলার এই কৃতিত্ব দেখিয়েছেন।



সেই ম্যাচে আগে ব্যাট করে ঢাকা ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। দলের অন্য বোলাররা মিলে ১৫৫ রান দিয়ে মাত্র ২ উইকেট নিতে পারলেও তাসকিন একাই ১৯ রান খরচায় নেন ৭ উইকেট।

ম্যাচে প্রথমে তিনি আউট করেন লিটন দাসকে। এরপর একে একে ফেরান তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, চতুরঙ্গ ডি সিলভা, আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শুভাম রাঞ্জানেকে।

তাসকিনের এই দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় দুর্বার রাজশাহী।

ক্রিকইনফোর এই পুরস্কারের দৌড়ে তাসকিনের কাছাকাছি ছিলেন নাথান সোওটার। তিনি ইংল্যান্ডের প্রতিযোগিতা দ্য হান্ড্রেড এর ফাইনালে ওভাল ইনভিন্সিবলস এর হয়ে ট্রেন্ট রকেটস এর বিপক্ষে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাসকিনের পারফরম্যান্সকেই বছরের সেরা হিসেবে বেছে নেয় ক্রিকইনফো।

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট