
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে তামিম ইকবালকে ঘিরে। সর্বশেষ বোর্ড নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার কথাও শোনা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। তখন সরকারি হস্তক্ষেপের অভিযোগও তুলেছিলেন তামিম। তবে এখন এক সাক্ষাৎকারে জানান সুযোগ আসলে অবশ্যই বিসিবি সভাপতি হতে চান তিনি।
বাংলাদেশের জার্সিতে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তামিম ইকবাল। অনেক দিন জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের আগে হঠাৎ অবসরের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত বদলে একটি একদিনের ম্যাচ খেলেন। তবে নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা হয়নি তাঁর। এরপর আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে।
সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে গুরুতর হৃদরোগে আক্রান্ত হন তামিম। সেই ঘটনার পর থেকে মাঠের ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। তবে ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় আছেন।
একটি অনলাইন আলোচনায় অংশ নিয়ে তামিমকে প্রশ্ন করা হয়, তিনি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চান। জবাবে তিনি বলেন, সুযোগ এলে অবশ্যই দায়িত্ব নিতে চান।
নিজেকে এই পদে উপযুক্ত মনে করেন কি না, এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, তিনি মনে করেন তাঁর সেই সামর্থ্য আছে। তাঁর মতে, শুধু অভিজ্ঞতা নয়, একটি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করা।
তামিম আরও বলেন, অনেক অভিজ্ঞ মানুষ দীর্ঘ সময় বোর্ড পরিচালনা করেছেন। তবে এত বছরেও ক্রিকেটে কাঙ্ক্ষিত উন্নতি সব ক্ষেত্রে হয়নি। তাই নতুন ভাবনা ও নতুন মানুষের ওপরও আস্থা রাখা উচিত বলে মনে করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর ক্রিকেট বোর্ডেও পরিবর্তনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তামিম ইকবালের বোর্ড সভাপতি হওয়ার ইচ্ছা বাস্তবে রূপ নেয় কি না।
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/টিএ























