
নারীদের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়ে গত মাসে বেশ আলোচনা তৈরি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শুরু হওয়ার আগেই প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এখন প্রথম আসরটি আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে।
আগে জানানো হয়েছিল, প্রতিযোগিতা শুরু হবে ৪ এপ্রিল এবং ১৪ এপ্রিল ফাইনাল হবে। কিন্তু সেই সূচি থেকে সরে এসেছে ক্রিকেট বোর্ড। বোর্ড জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের মতে, দলগুলোকে প্রস্তুতির জন্য আরও সময় দেওয়া প্রয়োজন। খেলোয়াড় বাছাই, বিদেশি ক্রিকেটার আনা এবং দল গঠনের পরিকল্পনা ঠিকভাবে সাজাতে সময় লাগবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকেও বাড়তি সময় চাওয়ার বিষয়টি সামনে এসেছে।
এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট সূচির কথাও বিবেচনায় রাখা হয়েছে। চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত হবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পর বিদেশি ক্রিকেটারদের নারী বিপিএলে অংশ নেওয়ার সুযোগ আরও বাড়বে বলে মনে করছে বোর্ড।
নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর চট্টগ্রাম ও ঢাকায়ও ম্যাচ হবে।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুলাই মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। নতুন সূচি অনুযায়ী এবার বগুড়া প্রথমবারের মতো এই প্রতিযোগিতার একটি ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/টিএ






















