
এক দিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। দলের এই লজ্জাজনক হারের পেছনে কোনো অজুহাত না খুঁজে টাইগার পেসার নাহিদ রানার গতির প্রশংসা করেছেন পাকিস্তানি কোচ মাইক হেসন।
বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন নাহিদ রানা। একাই শিকার করেন ৫টি উইকেট। সংবাদ সম্মেলনে হেসন অকপটে স্বীকার করেন, নাহিদই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন।
তিনি বলেন, নাহিদ রানা আসার আগ পর্যন্ত আমরা ঠিকঠাক ভাবেই এগোচ্ছিলাম। সে এসেই পুরো খেলাটা বদলে দিয়েছে। তার গতি আর উইকেটে বল ফেলার বৈচিত্র্য ছিল দেখার মতো। এই কৃতিত্ব পুরোপুরি তার।
সাধারণত হারের পর উইকেটের ওপর দোষ চাপানোর সংস্কৃতি থাকলেও হেসন হাঁটলেন ভিন্ন পথে। তিনি বলেন, উইকেট ভালো ছিল। আমাদের ব্যাটসম্যানরা ভালো বোলিংয়ের সামনে খোলসের ভেতর ঢুকে গিয়েছিল। আমাদের যে ধরনের পাল্টা জবাব দেওয়ার কথা ছিল, তা দিতে পারিনি।
তরুণদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করলেও তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা হারাচ্ছেন না হেসন। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ থেকে তাদের শিক্ষা নিতে হবে। আমরা চাই তরুণরা অভিষেকেই সেঞ্চুরি করুক, কিন্তু বাস্তবতা কঠিন। আমাদের ধৈর্য ধরতে হবে। শুধু তরুণরা নয়, সিনিয়রদেরও দায়িত্ব নিতে হবে।
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/এসএ























